সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে প্রাণবন্ত ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
রোববার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
এতে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
এছাড়া অংশ নেয় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সিএফএ সোসাইটি এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)।
অনুষ্ঠানে বক্তব্যে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজারকে আরও প্রাণবন্ত ও টেকসই করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করবে কমিশন।
এ সময় তিনি দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করেন।
ম্যাংগোটিভি /আরএইচ
