রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
পরে ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিলে সকাল ৯টার দিকে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রীকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
ম্যাংগোটিভি /আরএইচ
