নারী ক্রিকেটারদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের জন্য স্বাধীন অভিযোগ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তাবিত কমিটিতে বোর্ডের বর্তমান কোনো পরিচালককে না রেখে বাইরের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। নারী ক্রিকেটাররা যাতে ভয় বা সংকোচ ছাড়াই নিজেদের অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ।
সোমবার বিসিবির এক কর্মকর্তা ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় স্বাধীন অভিযোগ কমিটি গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। বোর্ড সভায় উত্থাপনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির ১১ সদস্যের ওয়ার্কিং কমিটির ওই কর্মকর্তা বলেন, ‘গত ওয়ার্কিং কমিটির সভায় স্বাধীন অভিযোগ কমিটি গঠনের বিষয়টি উত্থাপন করা হয়েছিল। আমরা একমত হয়েছি, এমন একটি কমিটি গঠন করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এখনো এটি অনুমোদন পায়নি। প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে, তবে বোর্ড সভায় তুলতে হবে।’
কমিটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে বোর্ডের বাইরের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চায় বিসিবি। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা কমিটির জন্য বাইরের লোকজনকে যুক্ত করতে চাই। এতে কোনো নারী ক্রিকেটার কারও বিরুদ্ধে অভিযোগ করলে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা সম্ভব হবে।’
জানা গেছে, বিসিবির শীর্ষ কর্মকর্তাদের একটি অংশ মনে করছে, অভিযোগ কমিটিতে বাইরের ব্যক্তিদের রাখা জরুরি। কারণ, বোর্ডের কোনো কমিটির অধীনে থাকা কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা তদন্তপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারেন। এ ধরনের আশঙ্কা এড়াতেই স্বাধীন কমিটি গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
ম্যাংগোটিভি / আরএইচ
