খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার পর ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। সফর শেষে বিকেল ৫টার পর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মোংলায় তাঁর দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
মোংলায় দুটি কর্মসূচি
সফরের শুরুতে সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যানের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মোংলা বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
মাজার জিয়ারত
মোংলার কর্মসূচি শেষে সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার শরিফের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
বেলা ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে মাজার জিয়ারত করবেন তিনি।
খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ২৫ মিনিটে সড়কপথে খুলনা জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউজে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন।
এরপর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দেশের তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই আয়োজন করছে ক্রীড়া মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসাহ
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁর আগমন উপলক্ষে খুলনা শহরকে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
সফরের সব কর্মসূচি শেষে বিকেল ৫টার পর প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি এক নজরে
সকাল ৯টার পর: ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা।
সকাল ১০টা: মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশগ্রহণ।
সকাল সাড়ে ১০টা: মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বন্দর উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে সমঝোতা স্মারক সই।
সকাল ১১টা ১৫ মিনিট: সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা।
দুপুর ১২টা ৪৫ মিনিট:মাজার জিয়ারত।
দুপুর ১টা ২৫ মিনিট: খুলনার উদ্দেশে যাত্রা।
দুপুর ২টা ১৫ মিনিট: খুলনা সার্কিট হাউজে পৌঁছানো।
বিকেল ৩টা: খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন।
বিকেল ৫টার পর: ঢাকায় ফেরার কথা রয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ
