রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কয়েকজন কর্মীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের প্রধান কার্যালয়ে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।
সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তাঁর কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় ৮ থেকে ৯ জন ব্যক্তি হঠাৎ কক্ষে প্রবেশ করেন। পরে তাঁরা তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’
কী দোষ-এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে অধ্যাপক কাজী আহমেদ কীভাবে সাবেক পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন।
এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।
ম্যাংগোটিভি / আরএইচ
