টানা ছুটি শেষে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হচ্ছে। তবে কলেজের ছুটি আরও কয়েক দিন থাকছে। এসব প্রতিষ্ঠানে আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও দীর্ঘ। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১ নভেম্বর রোববার থেকে কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।
ম্যাংগোটিভি / আরএইচ
