Saturday, October 24

দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (২৪ অক্টোবর) সংস্থাটি এ তথ্য জানায়।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিন ধরে এটি আরও শক্তিশালী হতে পারে।

বর্তমানে সিস্টেমটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার ক্ষেত্রে এ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে।

সমুদ্রযানকে সতর্ক থাকার পরামর্শ

বিডব্লিউওটি জানিয়েছে, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় দ্রুত সতর্কসংকেত জারি হতে পারে।

এ অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূল থেকে ১৫০ কিলোমিটারের বেশি দূরে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

২৮ অক্টোবর ভারতের উপকূলে আঘাতের সম্ভাবনা

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, সিস্টেমটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এরপর শক্তি সঞ্চয় করে পশ্চিম দিকে মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। এটি কতটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে বর্তমান বিশ্লেষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২৮ অক্টোবর ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার বা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না। তবে এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে এর প্রভাবে আগামী ২৭ বা ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে একটি বিস্তৃত বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর থেকে শুরু করে ১ নভেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হলেও এর পরিমাণ তুলনামূলক কম হতে পারে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version