Saturday, October 24

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, রাতে ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে চানমারী এলাকায় যায় শিশুটি। সেখানে এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার কথা বলে তাকে একটি ইজিবাইকে তুলে শিবু মার্কেট এলাকায় নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে আহত অবস্থায় কয়েকজন ব্যক্তি শিশুটিকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির অভিভাবককে পাওয়া না যাওয়ায় হাসপাতালের চিকিৎসকেরা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ শিশুটিকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মাহবুব আলম আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তবে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version