নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি। তাঁর ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও মা আমেনা বেগম। লেখক হওয়ার আকাঙ্ক্ষা থেকে নিজের নামের সঙ্গে থাকা পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দেন তিনি।
ঢাকা শহরেই বেড়ে ওঠেন শামসুর রাহমান। নাগরিক জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও নানা সংকট তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য ও সুন্দরকে কাব্যে তুলে ধরার পাশাপাশি বাঙালির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়ও তাঁর কবিতায় স্থান পেয়েছে।
১৯৬০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। সাহিত্যজীবনে তিনি ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশ করেন।
বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন। নাগরিক জীবন, মানুষের অধিকার, স্বাধীনতা ও বাঙালির সংগ্রাম তাঁর কবিতার অন্যতম প্রধান অনুষঙ্গ।
২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন কবি শামসুর রাহমান। তাঁর সাহিত্যকর্ম বাংলা কবিতার জগতে আজও পাঠককে অনুপ্রাণিত করে চলেছে।
ম্যাংগোটিভি / আরএইচ
