জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এ ক্ষেত্রে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এ ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে।’
বিরোধী দলের সহযোগিতা না পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অথচ তারা এটাকে সংবিধান সংস্কার হিসেবেও দেখতে পারতো। বিরোধীদলীয় নেতা বলেছেন, তারা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই, তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’
জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন জাতীয় অনুপ্রেরণার বিষয়। জুলাই গণঅভ্যুত্থান এক দিনে হয়নি। এ জন্য ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে জুলাইয়ের স্মৃতি জাগরুক রাখতে হবে। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতেও জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।
সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে চায়। প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই কাজ করছেন, কারণ তিনি জুলাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সরকার কাজের মাধ্যমেই এর প্রমাণ দেবে।
ম্যাংগোটিভি / আরএইচ
