সেপ্টেম্বরে ১৪৮ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০০, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১১০ এবং রংপুরে ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে মঙ্গলবার একদিনে চলতি বছরের সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। তার আগের দিন সোমবার মারা যান আরও নয়জন। ফলে অক্টোবরের প্রথম ছয় দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন।
এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ২১৬ জন।
ম্যাংগোটিভি /আরএইচ
