পাঠ্যবই ছাপার কাজে কোনো ছাপাখানা মালিক প্রতারণার আশ্রয় নিলে আগামী বছর থেকে তাকে আর বই ছাপার কাজ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একবার যদি কোনো প্রিন্টার্স চিট (প্রতারণা) করে, তাহলে আমি আগামী দিনে তাকে আর বই ছাপাতে দেব না। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করার। সেজন্য আমি বলব, তারা যেন ভেবেচিন্তে কাজ করেন। একবার চিট করলে পরেরবার বাদ।’
তিনি বলেন, অতীতে ভারত থেকে পাঠ্যবই ছাপিয়ে আনা হতো। এবার ছাপার মানে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে দেশের ছাপাখানাগুলো সহযোগিতা করছে। সবাই সহযোগিতা করলে সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শিক্ষার্থীদের বছরের শুরুতেই পাঠ্যবই দেওয়ার প্রত্যাশা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালেও আমরা পাঠ্যবই ছাপিয়ে সময়মতো শিক্ষার্থীদের হাতে দিয়েছি। শতভাগ নিশ্চিত বলতে পারি, এবারও পাঠ্যবই ভালো হবে। সবার সহযোগিতা পেলে সময়মতো পাঠ্যবই পাবো এবং তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।’
এর আগে গত জুলাইয়ে ছাপাখানা ও কাগজকল মালিকদের সঙ্গে এক বৈঠকেও শিক্ষামন্ত্রী সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি তখন স্থানীয় ছাপাখানা শিল্প টিকিয়ে রাখতে দেশের বিভিন্ন ছাপাখানাকে কাজ দেওয়ার কথা জানিয়েছিলেন।
ম্যাংগোটিভি / আরএইচ
