আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচদিন ছুটি পেতে যাচ্ছেন। নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটি হবে চারদিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এ বিষয়ে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি ঘোষণা হলে পূজার ছুটি দাঁড়াবে তিনদিন।
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি পাবেন।
ওই কর্মকর্তা জানান, এ ছুটির আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসও থাকবে। তবে জরুরি পরিষেবা, হাসপাতাল, চিকিৎসক ও চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা ছুটির আওতার বাইরে থাকবেন।
তবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ২৪ অক্টোবর শনিবার কর্মদিবস থাকায় তাদের ছুটি একদিন কমে চারদিন হবে। অর্থাৎ তারা ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন।
ম্যাংগোটিভি / আরএইচ
