Thursday, August 13

রাজধানীর বাইরে গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের পর এবার ঢাকার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর একাধিক এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন নগরবাসী। কোথাও ২০ মিনিট, আবার কোথাও এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা লোডশেডিং নিয়ে ক্ষোভ ও দুর্ভোগের কথা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘মধ্যরাতে বিদ্যুৎ গেলে গরমে ঘুমাব কী করে।’ আবার কেউ দীর্ঘদিন পর রাজধানীতে লোডশেডিংয়ের অভিজ্ঞতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানান, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে আরও প্রায় ৩০ মিনিট পর বিদ্যুৎ আসতে পারে বলে জানানো হয়। রাজধানীর আরও কয়েকটি এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রামপুরার বাসিন্দা রাসেল বলেন, ‘রাতে বিদ্যুৎ ছিল। কিন্তু সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। তীব্র গরমে তাদের নিয়ে খুব কষ্টে সময় পার করেছি।’

ঢাকার বাইরে ১০ থেকে ১৬ ঘণ্টা লোডশেডিং

রাজধানীর বাইরে বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ বলে অভিযোগ গ্রাহকদের। দেশের বিভিন্ন গ্রাম ও মফস্বল এলাকায় দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে। কোথাও কোথাও এর চেয়েও বেশি সময় বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমের মধ্যে জনজীবন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেচ ব্যবস্থায়ও।

জ্বালানি সংকটে বাড়ছে চাপ

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ কমে যাওয়াই বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ। গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। পাশাপাশি বিদ্যুৎ আমদানিতেও ঘাটতি তৈরি হওয়ায় জাতীয় গ্রিডে চাহিদা ও সরবরাহের মধ্যে চাপ বেড়েছে।

ঢাকাতেও সংকটের প্রভাব

ঢাকার বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডিপিডিসি ও ডেসকো। এতদিন দেশের অন্যান্য এলাকার তুলনায় রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্থিতিশীল থাকলেও এবার বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের অভিযোগ উঠছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ‘গ্রাম ছেড়ে লোডশেডিং এখন ঢাকায়।’ আবার অনেকে প্রশ্ন তুলেছেন, রাজধানীতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণ কী। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস—দুই সংকট একসঙ্গে দেখা দেওয়ায় নগরজীবনে দুর্ভোগ আরও বেড়েছে। জ্বালানি সংকট দ্রুত না কাটলে রাজধানীসহ দেশের বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version