Thursday, September 10

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা অধিদপ্তরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পাওয়ার পর তিনি মুক্তি পেলেন।

এর আগে পৃথক আট মামলায় জামিন পান খায়রুল হক। এরপর বনানী থানার মামলায় তাকে গ্রেফতার করতে গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ৮ জুলাই তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ১০ আগস্ট আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেন। পরে জামিনের আনুষ্ঠানিকতা শেষে বুধবার কারাগার থেকে মুক্তি পান সাবেক এই প্রধান বিচারপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন।

এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version