কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবর্তিত ব্যবসায়িক বাস্তবতায় মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও নেতৃত্বের নানা দিক নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ৯ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’।
আয়োজনে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মার্কেটিং বিশেষজ্ঞ, পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও তরুণ মার্কেটাররা অংশ নেন। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মার্কেটিং খাতের অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা ও নতুন সম্ভাবনা অনুসন্ধানের প্ল্যাটফর্মে পরিণত হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, মূল প্রবন্ধ উপস্থাপনা, প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। এসব পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মার্কেটিংয়ের ভবিষ্যৎ, ব্যবসায়িক প্রবৃদ্ধি, সৃজনশীলতা, ডিজিটাল রূপান্তর এবং পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মার্কেটিং নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ মার্কেটিং কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি করছে। একই সঙ্গে পরিবর্তন আসছে প্রচলিত কাজের ধরন ও কৌশলেও। এ পরিস্থিতিতে প্রযুক্তির কার্যকর ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব বাড়ছে।
আয়োজকদের মতে, বাংলাদেশ মার্কেটিং ডে শুধু একটি দিবস উদ্যাপনের আয়োজন নয়; বরং দেশের মার্কেটিং পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
অনুষ্ঠান সফল করতে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, স্পনসর, পার্টনার, আমন্ত্রিত অতিথি, বক্তা, অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।
ম্যাঙ্গো ইন্টারন্যাশনালে মার্কেটিং ডে উদযাপন
এদিকে একই দিনে ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান কার্যালয়ে ৯ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬ উদযাপন করা হয়েছে। আয়োজনে ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর এমডি এম তৌফিক সহ মার্কেটিং ও বিক্রয় বিভাগের সদস্যরা অংশ নেন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’। অনুষ্ঠানে মার্কেটিংয়ের পরিবর্তনশীল ভূমিকা, নতুন ধারণা, দলগত কাজ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মার্কেটিং শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের আস্থা অর্জন, নতুন ধারণা তৈরি এবং ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার বিষয়টি জড়িত। এ ক্ষেত্রে দক্ষ ও সমন্বিত দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের বার্তা ছিল-‘গ্রেট আইডিয়াস, স্ট্রং টিমস, বিগার অ্যাচিভমেন্টস।’ এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবাইকে মার্কেটিং ডের শুভেচ্ছা জানানো হয়।


