ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া সদর থানার কলোনি এলাকায় আইআইটিবির প্রধান ফটকের সামনে সাতমাথা থেকে বনানীগামী সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মো. নাজিম উদ্দিন (৪২), ফুলকোট পশ্চিমপাড়ার মো. ওবায়দুর রহমান (৪০) এবং বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী উত্তরপাড়ার মো. নুরুল ইসলাম (৪১)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করত। পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রাখলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে আরও অর্থ নেওয়া হতো। এভাবে চক্রটি অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিন্যান্স, ক্রস মার্কেট, প্ল্যাটিন পাসপোর্ট, অ্যাব্রিক্স ল্যাবস ও ফান্ডএফএক্সসহ বিভিন্ন অ্যাপে লেনদেনের তথ্য এবং একাধিক জিমেইল অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। পরে চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।
প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণা এবং আইনবহির্ভূত ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মামলাটির তদন্তের মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
ম্যাংগোটিভি /আরএইচ
