বগুড়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আপন ভাই-বোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বগুড়া মহানগরের বৃন্দাবন মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—বৃন্দাবন মধ্যপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রিমন হাসান (৩৪) এবং চক সূত্রাপুর চামড়াগুদাম এলাকার মো. রিমা খাতুন (৩৪)। রিমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর রিমা খাতুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় বৃন্দাবন মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বগুড়াকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ম্যাংগোটিভি / আরএইচ
