দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানায় ডিবিএ।
সংগঠনটি জানায়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এ অবস্থায় গত ২০ জুলাই ২০২৬ তারিখে বিএসইসির চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগত বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কিংবা সরকারি কোনো সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
ডিবিএর আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করে বন্ধ হিসাবগুলো পুনরায় চালু এবং লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম।
ডিবিএর মতে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে পুঁজিবাজারে তারল্য প্রবাহ ও লেনদেনের পরিমাণ বাড়বে। পাশাপাশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং বাজারের প্রতি তাঁদের আস্থা পুনরুদ্ধারেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠনটি আরও মনে করে, এ সিদ্ধান্তের ফলে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরে আসার সুযোগ পাবে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামগ্রিক পুঁজিবাজারের গতিশীলতা বাড়বে।
বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে ভবিষ্যতেও বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সংগঠনটি।
ম্যাংগোটিভি / আরএইচ
