শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন পুনরায় শুরুর পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিদ্যুৎ সংযোগ পেতে জটিলতা এবং প্রধান কাঁচামাল ধানের কুঁড়ার অপর্যাপ্ত প্রাপ্যতার কারণে নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ জুলাই ২০২৬ তারিখে উৎপাদন পুনরায় চালুর পরিকল্পনাসহ অন্যান্য বিষয়ে ব্যাখ্যা দিয়েছিল এমারেল্ড অয়েল। তখন কোম্পানিটি জানিয়েছিল, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করার প্রত্যাশা রয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ পেতে বিলম্ব হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
কোম্পানিটির সাম্প্রতিক ব্যাখ্যায় বলা হয়েছে, গ্রামাঞ্চলে বিদ্যুতের ঘাটতি এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহের স্বল্পতার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ পেতে দেরি হচ্ছে। এতে বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনাও পিছিয়ে গেছে।
বিদ্যুৎ সংযোগের বিকল্প ব্যবস্থা হিসেবে কোম্পানিটি প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করেছে। পাশাপাশি বিপিডিবির নির্ধারিত সংযোগ ব্যয়ের বিপরীতে প্রায় ৫০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে কোম্পানিটি।
এদিকে, এমারেল্ড অয়েলের উৎপাদনের প্রধান কাঁচামাল ধানের কুঁড়া মৌসুমি পণ্য। কোম্পানিটির তথ্য অনুযায়ী, বাজারে সাধারণত নভেম্বর থেকে এই কাঁচামাল পাওয়া যায়। পর্যাপ্ত কাঁচামাল না থাকায় মৌসুমের বাইরে বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হচ্ছে না।
কোম্পানিটির সর্বশেষ ব্যাখ্যা অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ পেতে বিলম্ব এবং প্রধান কাঁচামালের অপর্যাপ্ত প্রাপ্যতা-এই দুই কারণে বাণিজ্যিক উৎপাদন পুনরায় শুরুর নির্ধারিত সময়সূচি ব্যাহত হয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ


