Thursday, October 15

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকরা প্রায় দুই ঘণ্টা পর অবস্থান ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় ছয় থেকে সাতটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ নির্দিষ্ট কিছু দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version