কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় কয়েকজন সঙ্গীসহ তাকে আটক করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ভিপি শাহীনকে আটক করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বর্তমানে তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ভিপি শাহীনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, মঙ্গলবার ভিপি শাহীন ও তার সঙ্গে আটক হওয়া আরও তিনজনকে একসঙ্গে বগুড়ার আদালতে হাজির করা হবে। আদালতে উপস্থাপনের আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
স্থানীয় একটি প্রতিবেদনে একই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ভিপি শাহীনকে চকরিয়ায় আত্মগোপনে থাকা অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ
