কুষ্টিয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সংগঠনটির বগুড়া জেলা শাখা।
রোববার (১৬ আগস্ট) রাতে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (জিঅপি), বগুড়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাতমাথা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, কুষ্টিয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতায় এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অনতিবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

