সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
ইয়াহিয়া সারে বলেন, ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা থেকে ইয়েমেন ও দেশটির জনগণের ওপর ‘আগ্রাসন পরিচালনা’ করা হচ্ছিল বলে দাবি করেন তিনি।
তবে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময় উল্লেখ করেননি হুথিদের এই মুখপাত্র।
গত সপ্তাহে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াই শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরব সব ধরনের সহায়তা দিয়ে আসছে।
এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে হুথিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তাদের বিরুদ্ধে যেন যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা না নেয়, সেটিই তারা চেয়েছে।
এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহের সৌদির গুরুত্বপূর্ণ পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।
সৌদির তেল পাইপলাইনে হামলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি এ হামলার পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন।
সূত্র: এএফপি
ম্যাংগোটিভি / আরএইচ
