আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গোল ডটকম।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হোর্হে মেসি। বাবার অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই উদ্বেগের মধ্যে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।
গত জুনে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ম্যাচে গোল করার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসি। গোল উদযাপনের সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষে নিজের আবেগের কারণ ব্যাখ্যা করে মেসি বলেছিলেন, ‘আমি কেন কাঁদছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
এরপরই মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। পরে মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
একই সঙ্গে হোর্হের অসুস্থতা নিয়ে গুজব ও অতিরিক্ত জল্পনায় ক্ষোভ প্রকাশ করে পরিবারটি। তারা হোর্হে মেসি ও পরিবারের ব্যক্তিগত পরিসর এবং গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায়।
গত জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচেও খেলেননি লিওনেল মেসি। বাবার পাশে থাকার কারণেই তিনি ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে ধারণা করা হয়। কয়েক দিন পর অবশ্য আবার মাঠে ফেরেন আর্জেন্টাইন তারকা।
দীর্ঘদিনের অসুস্থতার পর এবার হোর্হে মেসির মৃত্যুর খবর এলো। লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই তার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মেসির ক্যারিয়ারের উত্থানের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন হোর্হে মেসি।
ম্যাংগোটিভি /আরএইচ
