ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিটিভিতে ভাষণ দেবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ভাষণ প্রচারের অংশ হিসেবে এ বিশেষ সময় বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও বড় রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ভাষণ প্রচারের রেওয়াজ ছিল।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় বিটিভির মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ দেওয়া জরুরি। নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫ অনুসরণ করে বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণ প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আবেদন পাওয়ার ক্রমানুসারে এবং চাহিদা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ৯ ফেব্রুয়ারি শেষ স্পটে ভাষণ দেবেন। তার ভাষণের রেকর্ডিংয়ের সময় ও সম্প্রচারের চূড়ান্ত সূচি সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে। একই দিন রাত ৯টায় ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন।

নির্বাচন কমিশনের মতে, বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সহায়ক হবে।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯২ জন প্রার্থী নিয়ে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩ জন, জামায়াতে ইসলামী ২২৪ জন, জাতীয় পার্টি ১৯২ জন এবং গণঅধিকার পরিষদ ৯০ জন প্রার্থী দিয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version