ছোটপর্দায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করা তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন হঠাৎ শোবিজকে বিদায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি।

নওবা লেখেন, “মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।”

নওবা আরও জানান, এখন থেকে তার কোনো নতুন কাজ হবে না—না নাটক, না টিভি, না ওয়েব প্ল্যাটফর্মে। তবে আগে করা কিছু কাজ ভবিষ্যতে প্রকাশ পেতে পারে, যদিও সে গুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

শেষে দর্শক ও ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।

উল্লেখ্য, নওবা তাহিয়া ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন। পরে নাটক ও ওয়েবফিল্মে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version