দেশের অন্যতম বৃহৎ সুপারশপ চেইন স্বপ্নের গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির ৪০ লাখের বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় তিন মাস আগে এই ঘটনা ঘটে। হ্যাকাররা ডেটাবেজ ফিরিয়ে দিতে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে। তবে কোনো ধরনের সমঝোতায় যায়নি স্বপ্ন কর্তৃপক্ষ এবং কোনো অর্থ পরিশোধও করা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া তথ্যে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি কেনাকাটার বিস্তারিত বিবরণও রয়েছে বলে জানা গেছে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে এবং নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। তবে ঠিক কতজন গ্রাহক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা বা পাবলিক নোটিশ জারি না করায় প্রশ্ন উঠেছে।

একজন গ্রাহক অভিযোগ করেন, ফাঁস হওয়া ডেটাবেজে পরিবারের সদস্যের ফোন নম্বর ব্যবহার করে সহজেই ব্যক্তিগত তথ্য পাওয়া যাচ্ছে, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে সিস্টেম সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তে দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট-এর সঙ্গে কাজ করা হচ্ছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

এ বিষয়ে স্বপ্নের মার্কেটিং বাজেট ও কমিউনিকেশন অপারেশনস বিভাগের কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ডেটাবেজ হ্যাকের বিষয়টি নিয়ে আইটি বিভাগ কাজ করছে এবং বিস্তারিত শিগগিরই জানানো হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version