দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) তার গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে অবহিত করে।
তিনি জানান, গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে সেখানেই রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) অনুরোধ পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব নথি, মামলা সংক্রান্ত দলিল এবং আন্তর্জাতিক সমন্বয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমিরাতের সঙ্গে সমন্বয় করে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সাফল্য।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এ ঘটনার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ম্যাংগোটিভি / আরএইচ


