নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেলসেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৫) স্থানীয় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন।

ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী জিহাদুল মোল্যা (২৯)। গুরুতর অবস্থায় তাকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে রাতে সুজাত নামে এক ট্রাকচালক তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল দেওয়া নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে ম্যানেজারকে হত্যার হুমকি দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে কাজ শেষ করে নাহিদ মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে ট্রাকটি দ্রুতগতিতে তাদের পিছু নেয়। পরে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

নিহত নাহিদ উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version