বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ সময় শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপির ব্যানার-পোস্টার অপসারণ ও ছিঁড়ে ফেলার পাশাপাশি কয়েকটিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শনিবার (১ আগস্ট) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে শহরের সাতমাথা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সাতমাথায় সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে জুতা নিক্ষেপ করেন। একই সঙ্গে এনসিপির বিভিন্ন ব্যানার-পোস্টার অপসারণ, ছিঁড়ে ফেলা এবং কয়েকটিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো রাজনৈতিক নেতা বা তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তারা জানান।
সমাবেশ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকেও বগুড়াসহ সারা দেশে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি তোলেন বক্তারা।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার ২৮টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ম্যাংগোটিভি /আরএইচ
