নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়ে ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার দেশটি।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও মরক্কো।
টাইব্রেকারে মরক্কোর জয়ের নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনো। ডাচদের গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
টাইব্রেকারের শুরুতে নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স গোল করলেও মরক্কোর নাঈফ আগুয়ের্দের শট ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। দ্বিতীয় রাউন্ডে জাস্টিন ক্লুইভার্টের শট লক্ষ্যভ্রষ্ট হলে সেলিম আমাল্লাহ গোল করে সমতা ফেরান।
তৃতীয় রাউন্ডে ওয়াউট ভেগহর্স্ট ও মরক্কোর সুফিয়ান রাহিমি দুজনই সফল হন। চতুর্থ রাউন্ডে নাটকীয়তা আরও বাড়ে। নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বারের শট বাইরে চলে যায়, আর মরক্কোর আশরাফ হাকিমির শট লাগে গোলবারে।
শেষ রাউন্ডে ডাচ ফুটবলার কামিয়েল সামারভিলের শট দারুণভাবে ঠেকিয়ে দেন বুনো। এরপর ইলিয়াস সাইবারি নির্ভুল শটে বল জালে জড়িয়ে মরক্কোর জয় নিশ্চিত করেন। গোলের পর জার্সি খুলে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি, সঙ্গে যোগ দেন সতীর্থরাও।
এর আগে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রাণ ফিরে আসে। ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ইসা দিওপ গোল করে মরক্কোকে ১-১ সমতায় ফেরান।
অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নিয়ে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে মরক্কো।
ম্যাংগোটিভি / আরএইচ
