ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। তখন ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোথাও বিলম্ব হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।
তিনি জানান, বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। তবে কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কোনো ধরনের মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেনি। কিছু ক্ষেত্রে কেন্দ্রের বাইরে মারামারির ঘটনা জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোথাও ভোট বন্ধ করতে হয়নি।’
তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ম্যাংগোটিভি আরএইচ
