উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কক্ষ বহাল রেখেই সংসদ সদস্যদের (এমপি) জন্য পৃথক ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৯ জুলাই দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সুবিধাজনক স্থানে ওয়াশরুম-সংবলিত একটি পরিদর্শন কক্ষ স্থাপন করতে হবে। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদ্যমান কক্ষ সংরক্ষিত রাখতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হবে।
এর আগে গত ২১ এপ্রিল ও ৬ মে জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য এ কক্ষ রাখা হবে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, নির্ধারিত কক্ষ না থাকায় এতদিন পরিদর্শনে আসা অতিথিরা উপজেলা চেয়ারম্যান বা ইউএনওর কক্ষ ব্যবহার করতেন। এতে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটত। এ সমস্যা সমাধানেই পৃথক পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নকশায়ও এ ধরনের একটি পরিদর্শন কক্ষ অন্তর্ভুক্ত করতে হবে। কক্ষ নির্মাণ বা সংস্কারের ব্যয় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব খাত অথবা সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ থেকে বহন করা যাবে।
এর আগে জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, উপজেলায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সংসদ সদস্যদের জন্য পৃথক বসার কক্ষের ব্যবস্থা করা হবে। সর্বশেষ নির্দেশনার মাধ্যমে সেই উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ
