সরকারের তহবিল চাহিদা বাড়ায় চলতি মাসে আবারও বিশেষ নিলামের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। আগামী ৮ এপ্রিল ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের এই বিশেষ নিলাম আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি মাসেই বিশেষ নিলামের মাধ্যমে মোট ১০ হাজার কোটি টাকা ধার নিচ্ছে সরকার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজস্ব আদায়ে ঘাটতি এবং বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের কারণে সরকারের অর্থের চাহিদা বেড়েছে। এ অবস্থায় ব্যাংক খাতই এখন সরকারের প্রধান অর্থায়নের উৎস হয়ে উঠেছে।
বর্তমানে ব্যাংক খাতে তারল্যের প্রবাহ তুলনামূলকভাবে বেশি থাকায় সরকার নিলামের মাধ্যমে সহজেই ঋণ সংগ্রহ করতে পারছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো বড় অঙ্কের স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (রিভার্স রেপো) ব্যবহারের মাধ্যমেও অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে।
এছাড়া চলতি বছরের শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনায় বাজারে টাকার সরবরাহ আরও বেড়েছে।
সাধারণত নিয়মিতভাবে সাপ্তাহিক ট্রেজারি বিল নিলাম অনুষ্ঠিত হলেও নির্ধারিত সময়ের বাইরে বিশেষ নিলাম আয়োজনকে সরকারের অতিরিক্ত অর্থ চাহিদার সংকেত হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন এই তিন মাসে ট্রেজারি বিলের মাধ্যমে সরকার মোট ১ লাখ ১০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি ট্রেজারি বন্ডের মাধ্যমে আরও ৩৯ হাজার কোটি টাকার মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ জানিয়েছে, এসব ঋণ পুরোপুরি নতুন অর্থ নয়; আগের ঋণ পরিশোধ ও পুনঃইস্যুর মাধ্যমে এর একটি অংশ রোলওভার করা হয়।
বর্তমানে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ০৩ শতাংশে নেমেছে। বিনিয়োগ চাহিদা কম থাকায় ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত তারল্য থাকায় তারা এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে ট্রেজারি বিল ও বন্ডে বেশি অংশ নিচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ
