বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারীসহ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমির মর্যাদা রক্ষায় এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টনকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আশিকপুর ইউনিয়নে আয়োজিত এ নির্বাচনী সভায় গাবতলী ও শাজাহানপুর-এই দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সভায় অংশ নেওয়া স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় একজন গ্রহণযোগ্য ও সক্রিয় নেতৃত্ব পেয়েছেন তারা।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোর্শেদ মিল্টন বলেন, ‘ইনশাআল্লাহ আমরা শতভাগ নিশ্চিত বিজয়ী হব। দলের চেয়ারম্যান ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সাম্য, বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করা হয়েছে, সেখানে হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে ব্যাপক অন্যায়-অবিচার হয়েছে। বগুড়া জেলা এবং বিশেষ করে শাজাহানপুর উপজেলার শিক্ষিত যুবসমাজ চাকরি থেকে বঞ্চিত হয়েছে, আর যারা চাকরিতে আছেন তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।’

বিএনপির ঘোষিত ৩১ দফা নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে মোর্শেদ মিল্টন বলেন, ‘এই ইশতেহারের মাধ্যমেই জনগণের স্বপ্ন পূরণ হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠন করতে পারলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।’
গণসংযোগকালে মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, সবাই উন্নয়ন চায়। ‘এটি জিয়া পরিবারের আসন। মরহুমা বেগম খালেদা জিয়া এখানে চারবার নির্বাচন করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এই এলাকার পাশাপাশি দেশের উন্নয়ন করেছেন,’-বলেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মোর্শেদ মিল্টন বলেন, ‘জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।’
স্থানীয় বাসিন্দারা জানান শহীদ জিয়ার জন্মভূমি হওয়া সত্ত্বেও গত ১৭ বছরে এই এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বয়রাদিঘী গ্রামের একাধিক বাসিন্দা বলেন, শহরের কাছাকাছি হওয়া সত্ত্বেও তাদের গ্রামে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
সভায় উপস্থিত সাধারণ ভোটাররা জানান, সকাল থেকেই তারা বিএনপি প্রার্থী মোর্শেদ মিল্টনের অপেক্ষায় ছিলেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে আগ্রহী। এ সময় বগুড়া-৭ আসনে বিএনপির এই নির্বাচনী জনসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
