পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা তৎপর থাকার ঘোষণা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদকে ঘিরে রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ে। এ কারণে তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারির জন্য ছয়টি সিভিল টিম কাজ করছে।
র্যাব জানিয়েছে, সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ পরিচালনা করা হবে। প্রয়োজনে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এসব কন্ট্রোল রুমে র্যাব সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রী হয়রানির শিকার হলে বা অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন বলে জানানো হয়।
ঈদযাত্রা ঘিরে নিরাপত্তা কার্যক্রম ঈদের দিনসহ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
এদিকে ঈদকে সামনে রেখে র্যাবের আভিযানিক তৎপরতাও বাড়ানো হয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় পৌনে দুই কোটি মানুষ ঈদে ঢাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে যাবেন। এতে রাজধানীর অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে পড়বে। এই সুযোগে অপরাধ দমনে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি জোরদার রাখা হবে।
জনসাধারণ যাতে নির্বিঘ্নে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন বলেও জানানো হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ
