পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ২০২৩ সালের মূল্যায়ন (ভ্যালুয়েশন) প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানিটির বিভিন্ন আর্থিক সূচকে অবনতি ধরা পড়েছে, যদিও নিট দায় কিছুটা কমেছে।
রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়।
কোম্পানি জানায়, গত ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ২২৭তম পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ১ হাজার ৪৩২ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট দায় কিছুটা কমলেও তা এখনো উচ্চ পর্যায়েই রয়েছে।
এদিকে, একই সময়ে কোম্পানির জীবন বিমা তহবিল কমে দাঁড়িয়েছে ৭৫৭ কোটি ৩৪ লাখ টাকায়, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ৭৭১ কোটি ৩৩ লাখ টাকার বেশি। ফলে তহবিল ব্যবস্থাপনায় চাপ অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কোম্পানির ঘাটতি বৃদ্ধি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬৬৯ কোটি ৪৩ লাখ টাকায়, যা আগের বছর ছিল প্রায় ৬৬১ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ৮ কোটি টাকারও বেশি।
সামগ্রিকভাবে, নিট দায় কিছুটা কমলেও তহবিল হ্রাস ও ঘাটতি বৃদ্ধির কারণে কোম্পানিটির আর্থিক অবস্থার ওপর চাপ অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ম্যাংগোটিভি /আরএইচ
