পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬) শেষ হয়েছে। এবারের মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য।
শনিবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এবারের মেলায় ইলেকট্রনিক্স, বহুমুখী পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও হস্তশিল্প খাতে উল্লেখযোগ্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ভারত ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে এসব অর্ডার এসেছে। আগের বছরের তুলনায় এবারের মেলায় বিক্রয়মূল্য ৩ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এবারের মেলায় বাংলাদেশসহ মোট সাতটি দেশের ৩২৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিদেশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মেলা প্রাঙ্গণে পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক, ফার্নিচারসহ ক্ষুদ্র ও ভারী শিল্পের নানা পণ্যের প্রদর্শনী ছিল। সমাপনী অনুষ্ঠানে স্থাপত্যশৈলী, পণ্য প্রদর্শন ও সেবার মানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান এবং ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এবারের মেলায় পাওয়া রপ্তানি আদেশ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ আরও সহজ করবে।
