একদিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৪৮ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।
তবে সকাল থেকে টানা মাঝারি বৃষ্টিপাতের কারণে শহরের বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী সড়ক, বাস টার্মিনাল, লিংক রোডসহ আশপাশের বিভিন্ন সড়কে সাধারণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নিরাপত্তাবাহিনী, অতিথি ও বিএনপি নেতাদের গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
এতে বিমানবন্দরগামী সাধারণ যাত্রীসহ নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
পরে পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক রাজনৈতিক জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে তার।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।
দিনের কর্মসূচি শেষে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন তিনি। পরে কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে যোগ দিয়ে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ১১টার দিকে তার রাজধানীতে পৌঁছানোর কথা।
ম্যাংগোটিভি / আরএইচ


