রাজধানীতে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি।
রোববার (৩ মে) দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অ্যাক্টিভিস্ট, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা অংশ নেবেন।
সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার। প্যানেলিস্ট হিসেবে থাকবেন বদিউল আলম মজুমদার, সারজিস আলমসহ অন্যরা।
প্রথম সেশনে ‘অর্থনৈতিক পুনর্গঠন : দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান’ বিষয়ে আলোচনা হবে। এতে সেশন চেয়ার থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আলোচনায় অংশ নেবেন ফাহমিদা খাতুনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
দ্বিতীয় সেশনে ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন হাসনাত আব্দুল্লাহ। আলোচনায় অংশ নেবেন তানজীমউদ্দিন খানসহ অনেকে।
দুপুরের পর তৃতীয় সেশনে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার : বর্তমান ঝুঁকি ও করণীয়’ বিষয়ে আলোচনা হবে। এতে সেশন চেয়ার থাকবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় অংশ নেবেন সারা হোসেন ও তাজুল ইসলামসহ বিশিষ্টজনরা।
সবশেষে সমাপনী সেশনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নাহিদ ইসলাম। অংশ নেবেন শফিকুর রহমান, মাহমুদুর রহমান মান্না, মামুনুল হক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সেশনটি সঞ্চালনা করবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
ম্যাংগোটিভি /আরএইচ


