জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা এবং আরও একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। মামলাটিতে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামি রয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।
মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, উপপরিদর্শক (এসআই) মালেক, এসআই আরাফাত উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান, আবজাল এবং কনস্টেবল মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন আসামি এখনো পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এ মামলাটিতে ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ সময় একজন ব্যক্তি জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
