Thursday, October 22

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে দেশটির বিশেষ দূত লানা নুসেইবেহ। আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম মনোনয়ন দেওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রার্থিতা ঘোষণা করে এক বিবৃতিতে লানা নুসেইবেহ বলেন, ‘আমার পেশাগত জীবনের একটি বড় সময় জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত কাজে কাটিয়েছি। সংকল্পবদ্ধ কূটনীতি কী অর্জন করতে পারে, তা আমি নিজের চোখে দেখেছি।”

তিনি আরও বলেন, “তবে কূটনীতি যখন ব্যর্থ হয়, তার মূল্য কত চড়া হতে পারে, তাও আমি দেখেছি। আমাদের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব কাজের দূরত্ব বেড়ে গেলে মানুষের আস্থা নষ্ট হয়। আমাদের কাজের সক্ষমতাও কমে যায়।’

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতার বিষয়ে মনোযোগ দিতে লানা নুসেইবেহ বর্তমানে আমিরাত সরকারের দায়িত্ব থেকে ছুটিতে রয়েছেন।

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় গত ১৬ অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হয়। তবে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে গ্রহণযোগ্য কোনো একক প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় সদস্য দেশগুলোর সমর্থন অর্জনের পাশাপাশি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সমর্থনও গুরুত্বপূর্ণ। ফলে পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version