Friday, October 16

সামরিক হামলা বা শক্তি প্রয়োগ করে কোনো জাতিকে ধ্বংস কিংবা আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে জানানো হয়, এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কোনো সমাজকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। তবে ইরান অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়ে পড়লে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সংহতি শক্তিশালী করার পথ খুঁজে বের করতে হবে। সামনে থাকা সব চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর ডেপুটি কো-অর্ডিনেটর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তিনি বলেছেন, হরমোজ প্রণালি বন্ধ রয়েছে। প্রয়োজনীয় সমন্বয় ছাড়া কেউ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তাকে পরিণতি ভোগ করতে হবে।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে সাইয়ারির বরাতে বলা হয়, নতুন সামরিক সরঞ্জাম ও তরুণ প্রজন্মের সক্ষমতার ওপর নির্ভর করে যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান। হরমোজ প্রণালির পূর্বাঞ্চলে দেশটির নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং পুরো অঞ্চলে নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তবে এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমোজ প্রণালি নিয়ে ইরানের দাবির বিরোধিতা করে। সংস্থাটি জানায়, এই প্রণালির ওপর তেহরানের একক নিয়ন্ত্রণ নেই। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকিকেও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে তারা।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version