Sunday, October 11

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ফের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তাঁর বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন।

তবে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ। অন্য অনেককে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে আটক রাখা হয়েছিল।

এদিকে দিল্লিতে পৌঁছানোর পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে দিল্লি পুলিশ।

ধ্রুব রাঠিকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগে পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

পুলিশ আরও জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ও ১৭০ ধারায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২৬ ধারায় শান্তি বজায় রাখার জন্য মুচলেকা নেওয়ার বিধান রয়েছে। আর ১৭০ ধারায় আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে প্রতিরোধমূলক গ্রেপ্তারের বিধান রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version