মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের কনস্যুলার অ্যাফেয়ার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল অবস্থায় রয়েছে। যেকোনো সময় পরিস্থিতির অপ্রত্যাশিত অবনতি ঘটতে পারে। এ অবস্থায় অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে ভ্রমণরত মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রমসংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, ইরান ও ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং যুক্তরাষ্ট্র বা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ সতর্কতা ও নির্দেশনা জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইট অনুসরণ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ
