Wednesday, September 9

জাপান সাগরের দিকে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলীয় এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ান এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নপথ, পাল্লা ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে উত্তর কোরিয়া নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয় কি না, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি রাখা হচ্ছে।

উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান ক্ষেপণাস্ত্রসংক্রান্ত তথ্য নিজেদের মধ্যে আদান-প্রদান করছে। এর আগে গত ১২ আগস্ট সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।

এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার পরিসর ও সময়সীমা কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। এর পরদিনই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সময় বা পরিধি কমানোকে পিয়ংইয়ং গুরুত্ব দিচ্ছে না। মহড়ার সময়সূচিতে পরিবর্তন হলেও এর ‘আগ্রাসী ও উসকানিমূলক’ চরিত্রের পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version