ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, মোজতবা খামেনি শারীরিকভাবে ‘পুরোপুরি সুস্থ’ আছেন।
সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পেজেশকিয়ান। এর আগে মোজতবা খামেনির সঙ্গে প্রায় সাত ঘণ্টা বৈঠক করেছেন বলেও জানান তিনি।
বৈঠকে দেশের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট। বৈঠকটি ‘খুব ভালো’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, জাতীয় ঐক্য ও সংহতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সর্বোচ্চ নেতা। এ ছাড়া ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যাও বৈঠকে আলোচনায় এসেছে।
এর আগে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠকের খবর প্রকাশ করে। তবে বৈঠকের আগে ও পরে সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পেজেশকিয়ান ও মোজতবা খামেনির বৈঠক অনুষ্ঠিত হলো। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা করা হয়।
তবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। এ কারণে তার শারীরিক অবস্থা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।
এ অবস্থায় পেজেশকিয়ানের বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো ইরান সরকারের পক্ষ থেকে মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে সরাসরি মন্তব্য পাওয়া গেল।
ম্যাংগোটিভি /আরএইচ


