সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ও তাদের গৃহপরিচারিকা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে বাসায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
ম্যাংগোটিভি /আরএইচ


