রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের ১৫ জন যাত্রী হতাহত হন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। আহত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ
